ঝিল সংস্কারের কাজ শুরু করল আলিপুরদুয়ার পুরসভা
দি নিউজ লায়ন ; আলিপুরদুয়ার শহরের ঝিল সংস্কারের কাজ শুরু করল আলিপুরদুয়ার পুরসভা। ইতিমধ্যেই শহরের শারংপট্টি লাগোয়া একটি বড় ঝিল পরিষ্কারের কাজ শুরু করেছে আলিপুরদুয়ার পুরসভা। একে একে শহরের অন্যান্য ঝিল গুলোও পরিষ্কার করে সংস্কারের কাজ করা হবে বলে জানিয়েছেন আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক তথা মহকুমা শাসক শ্রী রাজেশ।
তিনি বলেন, " ঝিল সংস্কার করে তার চার পাশ সৌন্দর্যায়ন করা হবে। সেখানে মানুষের বসার জায়গা তৈরি করে বাতি দিয়ে সাজিয়ে দেওয়া হবে। পরে সেগুলোতে টিকিটের ব্যাবস্থা করা হবে। মানুষ টিকিট কেটে ওই এলাকায় প্রবেশ করতে পারবে। এর ফলে পুরসভার আয় বাড়বে। ঝিল দখল বন্ধ হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় একটা দুটো ঝিলে এই ব্যাবস্থা চালু করা হবে।
পরে সব ঝিল সংস্কারের ইচ্ছে আছে পুরসভার।" উল্লেখ্য আলিপুরদুয়ার পুরসভার বিস্তৃর্ন এলাকা জুড়ে প্রায় ১১ টি ঝিল বা মরা নদী রয়েছে। ডিমা ও কালজানি নদীর গতি পথ পরিবর্তন হয়ে পুরনো প্রবাহ পথ এই সব মরা নদী বা ঝিলে রুপান্তরিত হয়েছে। এই সব ঝিলগুলো সংস্কার করে এর জলধারন ক্ষমতা বাড়িয়ে তোলা পুরবাসীর দীর্ঘদিনের দাবি। বর্তমান পুর প্রশাসনের আশ্বাসে আশায় বুক বাধছেন শহরের নাগরিকরা।
আলিপুরদুয়ার শহরের বাসিন্দা বিনয় দাস বলেন, " আলিপুরদুয়ার শহরের ঝিল গুলো এই শহরের সম্পদ। এগুলো পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। এগুলো নিয়ে কর্মসংস্থান ও উন্নয়নের নানান পরিকল্পনা করা যেতে পারে। বর্তমান প্রশাসক সেই কাজে হাত দিয়েছেন। তাকে ধন্যবাদ জানাচ্ছি।"

Post a Comment